আমারহেলথ (০৪ অগাষ্ট, বুধবার): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেখানে আট-নয়জন ডাক্তারের নিয়োগ আছে, সেখানে কাজ করছেন মাত্র দুই কি একজন। উপজেলায় বদলি করলে ডাক্তাররা সেখানে যেতে চান না। অথচ শহরাঞ্চলে অতিরিক্ত ডাক্তার দায়িত্ব পালন করছেন। এভাবে চিকিৎসকরা জনগণের টাকায় বেতন নিয়ে জনগণকে সেবা থেকে বঞ্চিত করছেন। আপনাদের অনুরোধ করছি গ্রামে ফিরে যান, না হলে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবো।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবিরের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মুজিবর রহমান ফকির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মুদাচ্ছের আলী বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার এমন একটি নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে, যাতে গ্রামের মানুষের সেবার জন্য ডাক্তারদের পদোন্নতিসহ অন্যান্য সুবিধা বিবেচনা করা হবে। যেখানেই মায়েরা কাজে যাবে, সেখানেই ডে-কেয়ার সেন্টার, ব্রেস্ট ফিডিং সেন্টার সুবিধা থাকবে।
প্রধানমন্ত্রী আরো বলেন, আজকাল অনেক মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াতে দ্বিধা করেন, লজ্জা পান। মায়েদের বুঝতে হবে, নিজ সন্তানকে বুকের দুধ খাওয়ানো এক ধরনের গর্বের বিষয়। সমাজকেও এ দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটি দেখতে হবে। মায়েদেরও এ ব্যাপারে সহায়তা দিতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, ৬ মাস পর্যন্ত শিশুদের শুধুই মায়ের দুধ, দুই বছর পর্যন্ত অন্যান্য খাবারের সাথে অবশ্যই মায়ের দুধ খাওয়াতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মায়েদের বুকের দুধ খাওয়ানোর ব্যাপারে সবার উদ্যোগী ভূমিকা নেয়ার আহবান জানান।
|