দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

ডিজিটাল সেবা প্রদান করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঠামো পুর্নগঠন প্রয়োজন: স্বাস্থ্যমন্ত্রী

০৬ জুন, ফয়সাল আকবর:
ডিজিটাল সেবা প্রদান করতে ও স্বাস্থ্যব্যবস্থাকে আরো সহজলভ্য করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাঠামো পুর্নগঠনের দাবি করছেন খোদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। ০৬ জুন জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যব্যবস্থার সুবিধার্থে ও বর্তমানে অবাধ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কাঠামো পুর্নগঠন প্রয়োজন। এছাড়া আইসিটি ও এমএসআই সংক্রান্ত বিভাগ অন্তর্ভুক্ত করে যৌক্তিকভাবেই এই মন্ত্রণালয়ের কাঠামো পুনর্গঠন করতে হবে। এ পুনর্গঠনের সুপারিশ দাখিলের জন্য গত ১২ মে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে বলে সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী  মোট ৫৯টি পদ খালি রয়েছে। এসব শূন্য পদ পূরণের প্রক্রিয়া চলছে। এছাড়া অচিরেই জাতীয় স্বাস্থ্যনীতি চূড়ান্ত করাসহ রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও দেশের প্রতিটি জেলা হাসপাতালে শক্তিশালী বার্ন ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে বলে তিনি জানান।

এদিকে ০৬ জুন দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি ওষুধের অপব্যবহার রোধে লাল ও সবুজ রঙয়ের সমন্বয়ে একটি বিশেষ প্যাকেটে এই ওষুধ সরবরাহ করা হচ্ছে এবং প্রাথমিকভাবে জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালের জন্য কেন্দ্রীয়ভাবে ওষুধ ক্রয় করা হবে। তিনি আরো বলেন, ওষুধ সরবরাহের জন্য ২৫টি ওষুধ কোম্পানিকে কার্যাদেশ দেয়া হয়েছে। এরমধ্যে রয়েছে ইনসেপটা, বেক্সিমকো, এসিআই, স্কেএফসহ সুপ্রতিষ্ঠিত কোম্পানি। সরকারি ওষুধ বাইরে পাওয়া গেলে সংশিষ্ট ফার্মেসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এদিকে ০৬ জুন সংসদ অধিবেশনের শুরুতেই রাজধানীর নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বেগুনবাড়িতে ভবন উপড়ে পড়ে শতাধিক মানুষ নিহত হওয়ার ঘটনায় এক শোকপ্রস্তাব গ্রহণ করা হয়। একই সঙ্গে আহত ব্যক্তিদের আরোগ্য কামনা করা হয়। স্পিকার আবদুল হামিদ শোকপ্রস্তাব উপস্থাপন করে বলেন, ‘রাজধানীর এ নির্মম দুটি দুর্ঘটনায় ১৪২ জন নিহত হয়েছেন। জাতীয় সংসদ তাদের প্রানহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছে।’ স্পিকারের এ শোকপ্রস্তাবটি পরে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।