আমার হেলথ (১৫ জুলাই, বৃহসপতিবার): সাভারের নবীনগরে আওয়ামী ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নাম হবে ফজিলাতুন্নিসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল। প্রস্তাবিত হাসপাতালটি হবে অলাভজনক।
১৩ জুলাই, বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসদের প্রথম বৈঠকে এর চেয়ারম্যান শেখ হাসিনা হাসপাতাল নির্মাণের প্রস্তাব করেন। বৈঠকে উপস্থিত সবাই এ প্রস্তাবকে সমর্থন করেন। ২১ বিঘা জমির ওপর ১৮৭ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও একটি নার্সিং ইনস্টিটিউট নির্মাণের সিদ্ধান্ত নেয়া। এসময় শেখ হাসিনা বলেন, এ হাসপাতালে সাধারণ মানুষ এবং আওয়ামী লীগের কর্মীরা চিকিৎসা সেবা পাবেন। তিনি আরও বলেন, ১৯৯৪ সালে এ ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আওয়ামী লীগ কর্মীদের সহায়তা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডই এ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।
বৈঠকে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের প্রেসিডিয়াম এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহারা খাতুন, আমির হোসেন আমু, আবদুল জলিল, দীপু মনি এবং আওয়ামী ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান, শেখ রেহানা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সব সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ৭৩টি সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদকেরা আওয়ামী ফাউন্ডেশনের সদস্য। |