দেশের সব খবর আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যলস আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনে আমার ডাক্তার

অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে জাতীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

আমারহেলথ (২০ সেপ্টেম্বর, সোমবার):ঈদুল আযহাকে সামনে রেখে অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে জাতীয় সমন্বয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মঙ্গলবার অনুষ্ঠেয় এক আন্তঃমন্ত্রণালয় সভায় ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সাংবাদিকদের সাথে আলাপের সময় এ কথা বলেন। তিনি বলেন, অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে নানা কর্মসূচি নেয়া হয়েছে। আগামী এক মাসের মধ্যেই এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাবনা ও সিরাজগঞ্জ এলাকায় নতুন করে আর কোনো প্রাণী আক্রান্ত হয়নি। এ পর্যন্ত ৪৬টি গরু ও ৫৬টি ছাগল অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে একটি সমন্বিত কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এ কমিটিতে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়, প্রাণীসম্পদ অধিদপ্তর, ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি), স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকবেন। 
ঢাকা বাজারে বিক্রি হওয়া প্রাণীর মাংসে অ্যানথ্রাক্স থাকার সম্ভাব্যতা বিষয়ে তিনি বলেন, এতে অ্যানথ্রাক্স নেই তা নিশ্চিত করে বলা যাবে না। তবে সমন্বিত কার্যক্রম শুরু হলে এটা নিশ্চিত করে বলা যাবে।
লতিফ বিশ্বাস আরো জানান, সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হলে ঈদুল আযহায় কোরবানির পশু নিয়ে কোনো সমস্যা থাকবে না।