
আমারহেলথ (০২ ফেব্রুয়ারী, বুধবার): লালমনিরহাটের হাতিবান্ধায় অজ্ঞাত রোগে গত ৪৮ ঘণ্টায় ভাই-বোনসহ ৫জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ রোগে আক্রান্ত হয়েছে আরো অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ৮ জনকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ইতিমধ্যে ঢাকা ও রংপুর থেকে দুটি উচ্চ পর্যায়ের মেডিকেল টিম এসেছে। এ টিম দুটি এলাকায় আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি রোগের কারণ খতিয়ে দেখছে।
মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী স্বাস্থ্য সহকারী আনোয়ারা বেগম (৫০), গেন্দুকুড়ি গ্রামের আব্বাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), দুপুরে টংভাঙ্গা গ্রামের বেলাল হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (৩), সানিয়াজান চরের মকবুল হোসেনের মেয়ে সাবিনা (৪), মধ্যরাতে হাতিবান্ধা বাস স্ট্যান্ডের অশোক ঘোষের ছেলে অনন্য ঘোষ (৮), বুধবার সকালে অশোক ঘোষের মেয়ে অনন্যা ঘোষ (৩), উত্তর বাড়াইপাড়া গ্রামের উমর আলীর ছেলে আজিজুল ইসলাম (৩০), দুপুরে আমঝোল গ্রামের আবুল হোসেনের মেয়ে ইয়াসমিন (৩), দক্ষিণ গড্ডিমারী গ্রামের আহম্মদ হোসেনের ছেলে কাজল (৭), পশ্চিম বেজগ্রামের আকবর আলীর ছেলে সাদিকুল ইসলাম (২২) এবং বেজগ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল করিম (২২) মারা যায়।
বাড়াইপাড়া গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম জানান, মঙ্গলবার রাতে খাওয়া শেষে হঠাৎ করে আজিজুলের শরীরে জ্বর আসে ও বমি হয় এবং তাৎক্ষণিক তাকে হাতিবান্ধা হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু ঘটে।
এদিকে অজ্ঞাত রোগ মহামারী আকার ধারণ করায় হাতিবান্ধা ও তার আশপাশের এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গির আলম জানান, এটি একটি ভাইরাসজনিত রোগ। ইতিমধ্যে ঢাকা ও রংপুর থেকে ২টি উচ্চ পর্যায়ের মেডিকেল টিম এলাকায় এসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি রোগের কারণ খতিয়ে দেখছে।
|