আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

জাতীয় স্বাস্থ্যনীতি এ বছরেই চূড়ান্ত হচ্ছে না

আমারহেলথ (০৮ ডিসেম্বর, বুধবার): ২০১০ সালের মধ্যে জাতীয় স্বাস্থ্যনীতি চূড়ান্ত হচ্ছে না। সরকারি কর্মকর্তারা বলছেন, নীতি চূড়ান্ত করার কাজ চলছে। তবে কবে নাগাদ শেষ হবে, তা কেউ বলতে পারছেন না।
মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী সাংবাদিকদের বলেন, স্বাস্থ্যনীতির খসড়া চূড়ান্ত হয়ে গেছে। শিগগিরই তা অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হবে। আগামী জানুয়ারিতে এটি সংসদে পাস হতে পারে। 
এদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ছয়টি বিভাগীয় সভা শেষে জাতীয় পর্যায়ের পরামর্শ সভায় স্বাস্থ্যনীতি চূড়ান্ত করা হবে। তবে জাতীয় পর্যায়ের সভা না করেই নীতি চূড়ান্ত করতে যাচ্ছে মন্ত্রণালয়।
৫ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্যনীতি প্রণয়নবিষয়ক ওয়ার্কিং কমিটির সভা হয়। সভায় কমিটির সদস্যদের বাইরেও দু-তিনজন উপস্থিত ছিলেন।
সভার একাধিক সূত্র জানায়, স্বাস্থ্যনীতি চূড়ান্ত করার কাজ চলছে। এখন মূলত বানান ও বাক্য ঠিক করার কাজ চলছে। এ কাজ শেষ হতে আরও ১০-১২ দিন লাগবে। কাজ শেষ হওয়ার পর চূড়ান্ত হলে নীতিটি মন্ত্রিসভা কমিটিতে যাবে। সেই কমিটিতে পাস হলে স্বাস্থ্যনীতি জাতীয় সংসদে পাঠানো হবে। 
তবে মন্ত্রিসভায় পাস হওয়া থেকে সংসদে পাঠানোর এই মাঝের প্রক্রিয়াগুলো শেষ হতে কত দিন লাগবে, সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।
স্বাস্থ্যনীতি চূড়ান্ত করার প্রক্রিয়ায় ছয়টি বিভাগীয় শহরে ছয়টি পৃথক সভা হয়েছে। প্রায় এক বছর ধরে মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় ধারণা দেওয়া হয়, ঢাকায় জাতীয় পর্যায়ের পরামর্শ সভা শেষে স্বাস্থ্যনীতি চূড়ান্ত করা হবে। কিন্তু এখন আর জাতীয় পর্যায়ের সভা করতে চায় না মন্ত্রণালয়।
এর কারণ জানতে চাইলে মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, স্বাস্থ্যনীতি তৈরি করতে এমনিতেই দেরি হয়ে গেছে। ঢাকায় জাতীয় পর্যায়ে সভা করতে গেলে নীতিটি আর চূড়ান্ত করা হবে না।
স্বাস্থ্যনীতি চূড়ান্ত করতে এত সময় লাগার কারণ জানতে চাইলে মোদাচ্ছের আলী বলেন, এর মতো একটি গুরুত্বপূর্ণ নীতি সংসদে পাস করার প্রয়োজন আছে কি না, সেটা নিয়ে নীতিনির্ধারকদের মধ্যে মতপার্থক্য ছিল। তবে সম্প্রতি সিদ্ধান্ত হয়েছে, এ নীতি সংসদে পাস করানো হবে।