
‘রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা প্রদান এবং পুনর্বাসনের জন্য ফিজিক্যাল মেডিসিন কার্যকর’
আমারহেলথ (০৭ অক্টোবর, রবিবার): জটিল রোগ নিরাময়, প্রতিরোধের উপায় ও পঙ্গুত্ব নিবারণে ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন কার্যকর ভূমিকা পালন করে আসছে। নতুন এই পদ্ধতিতে ওষুধের সঙ্গে বিভিন্ন ফিজিক্যাল এজেন্ট যেমন, তাপ, বিদ্যুত, পানি, শব্দ ও অন্যান্য ভৌত পদার্থ দ্বারা বিভিন্ন বাত রোগ, হাড়ের ক্ষয়জনিত রোগ, ব্যথা, প্যারালাইসিস, ক্রীড়াজনিত আঘাত ইত্যাদি রোগ নির্ণয় করা সম্ভব। পাশাপাশি রোগের পূর্ণাঙ্গ চিকিৎসা প্রদান এবং পুনর্বাসনের জন্য ফিজিক্যাল মেডিসিন কার্যকর।
বিশেষজ্ঞদের বক্তব্য, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নতুন সংযোজন এই চিকিৎসা। গবেষণায় দেখা গেছে, বিশ্বের ১০ ভাগ মানুষ এই রোগে আক্রান্ত। আমাদের দেশে প্রায় দুই কোটি মানুষ বিভিন্ন প্রকার পঙ্গুত্বে আক্রান্ত। কিন্তু বাস্তবতা হলো ১৬ কোটি মানুষের জন্য এ রোগের ডাক্তারের সংখ্যা ৫৫ জন। তাই বিশেষজ্ঞ তৈরিতে দ্রুত সকল সরকারী মেডিক্যাল কলেজগুলোতে নিয়মিত এম, ডি কোর্স চালু জরুরী।
শনিবার হোটেল শেরাটনে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন আয়োজিত ষষ্ঠ জাতীয় কনভেনশনও বৈজ্ঞানিক অধিবেশনে বিশেষজ্ঞরা এসব তথ্য উপস্থাপন করেন।
দুইদিনব্যাপী শুরু হওয়া এই কনভেনশনের উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম. রুহুল হক বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সারাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করা কষ্টকর। এজন্য স্বাস্থ্য খাতের বিকেন্দ্রীকরণ জরুরী বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী আগামী দুই মাসের মধ্যে পিএসসির মাধ্যমে ডাক্তার নিয়োগ প্রক্রিয়া বাতিল করারও ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান। অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অধ্যাপক মোঃ মঈনুজ্জামান, ডা. এমএ রশিদ প্রমুখ।
|