
আমারহেলথ (২৩ জানুয়ারী, রবিবার): দেশের ৮০ শতাংশ প্রাপ্তবয়স্ক লোক ব্যাক পেইনে ভুগছেন। মাংসের দুর্বলতাসহ মেকানিক্যাল কারণে মাজার ব্যথায় কষ্ট পেয়ে থাকেন ৭০ শতাংশ থেকে ৮০ শতাংশ লোক। তবে ফিজিওথেরাপি দেয়া হলে ৯৫ শতাংশ ব্যাক পেইন রোগী সুস্থ হয়ে উঠবে। ফিজিওথেরাপি শুধু ব্যাক পেইনের জন্যই নয়, সমস্ত স্পাইনের ব্যথার জন্যও গুরুত্বপূর্ণ।
শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ব্যাক পেইন চিকিৎসার গুরুত্ব ও প্রতিকার এবং ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা শীর্ষক এক সেমিনারে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ফিজিওথেরাপি ও প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।
ব্যাক পেইন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট প্রফেসর ডা. আলতাফ হোসেন সরকারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিআরপির অধ্যক্ষ প্রফেসর ডা. এমএ কাদের।
উপস্থিত ছিলেন সিআরপির সহকারী অধ্যাপক নাসিরুল ইসলাম, অর্থপেডিক সার্জারি প্রফেসর ডা. এমএ বাসেত, নিউরোলজি বিশেষজ্ঞ প্রফেসর ডা. এমএ ওহাব খান, স্পোর্টস এন্ড মাসকুলো-স্ক্যালিটাল বিশেষজ্ঞ ডা. ম্যাথিউ উইলিয়াম, বিসিবি বিশেষজ্ঞ কমল তারা আইইসি, জেন্ডার বিশেষজ্ঞ আইসিডিডিআরবি ফারজানা মজিদ, কবি বিলোরা চৌধুরী প্রমুখ।
ডা. এমএ কাদের বলেন, আমাদের দেশে ফিজিওথেরাপি চিকিৎসা এখন আন্তর্জাতিক মানের। দেশের বাইরে গিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নেয়ার প্রয়োজন পড়ে না। এতে দেশের অর্থ দেশে থাকছে। তিনি বলেন, স্পাইন অপারেশন প্রয়োজন তবে এটা সম্পূর্ণ নির্ভর করে রোগীর উপর। তবে কোমর ব্যথার জন্য উন্নতমানের সার্জারি থাকলেও মূলত ফিজিওথেরাপি গুরুত্ব বহন করে থাকে। তিনি বলেন, বিশেষ করে মেকানিক্যাল ব্যাক পেইনে ফিজিওথেরাপির বিকল্প নেই। কারণ যে সমস্ত রোগী ঘাড় এবং কোমড়ের ব্যথা হাতে ও পায়ে আসে এসব চিকিৎসার ম্যানুয়াল ও লেজার থেরাপির মাধ্যমে অতিদ্রুত নিরাময় সম্ভব।
|