আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

চিকিৎসা বিষয়ে চার হাজার নকল বই উদ্ধার

আমার হেলথ ( ১৪ আগস্ট, শনিবার): চিকিৎসা শাস্ত্রের বই ও জার্নাল প্রকাশের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত প্রকাশনা প্রতিষ্ঠান এলসেভিয়ার। ইংরেজি ও স্প্যানিশ ভাষায় অনেক গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত প্রকাশনা রয়েছে ওই প্রতিষ্ঠানের। রাজধানীর ফকিরেরপুলে এলসেভিয়ারের প্রকাশিত বই ছাপা হচ্ছে। এসব দামি বই অনুমোদন ছাড়াই ছাপা হচ্ছে। গত ১২ আগস্ট, বৃহস্পতিবার সংস্কৃতি মন্ত্রণালয়, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এমন চার হাজার বই উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা খবরের ভিত্তিতে সকালে সিদ্ধেশ্বরীর সার্কুলার রোডের ৪৭ নম্বর ভবনের সিটি আর্ট প্রেস থেকে এসব বই উদ্ধার করা হয়। ওই প্রেসের মালিক দেশের বাইরে রয়েছেন। সিটি আর্ট প্রেসের নিরাপত্তাকর্মী মমতাজ মিয়া জানান, সিটি আর্ট প্রেস বইটি ছাপেনি। প্রেসের একটি কক্ষ একজন বাঁধাইকারককে ভাড়া দেওয়া হয়েছে। ফকিরেরপুলের লিটন প্রেস থেকে ছাপা হওয়া বই বাঁধাই করতে সেখানে পাঠানো হয়েছিল। ওই প্রেসের মালিক মাহবুব হাসান জানান, তিনি বইগুলো ছেপে দিয়েছেন। তাঁকে আরামবাগের কম্পিউটার ডিজাইনার সেলিম বইটি ছাপতে দেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে জানা যায়, শাহীন ও জিন্নাহ নামে নীলক্ষেতের দুই ব্যক্তির মাধ্যমে বইটি নকল করা হচ্ছে। তবে এই চক্রে একাধিক ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত আছেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট রেজিস্ট্রার মনজুরুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দেখা যায়, এলসেভিয়ার পরিচালিত প্যাথলোজিক বেসিস অব ডিজিজ নামের বইটি ৬২ ফর্মার। এর চার হাজার কপি বইয়ের মলাট ছাড়াও ২৪৮টি প্লেট উদ্ধার করা হয়েছে। রমনা থানার পুলিশ ঘটনাস্থল থেকে সব মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়। রাতে এই খবর লেখার সময় পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।