আমার পরিবেশ হেলথ পলিটিক্স ফার্মাসিউটিক্যাল আমার বিনোদন হেলথ এনজিও বিউটি এন্ড ফিটনেস আমার ডাক্তার হসপিটাল মেডিকেল কলেজ

২০২১ সালের মধ্যে মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনা হবে: প্রধানমন্ত্রী

১৩ জুন, ফয়সাল আকবর:
২০২১ সালের মধ্যে মাতৃ মৃত্যু ও নবজাতকের মৃত্যু হার কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া মাতৃত্বকালীন ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ১৩ জুন রবিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে  ‘নিরাপদ মাতৃত্ব দিবস-২০১০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

প্রধানমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে শিশুমৃত্যুর  হার হাজারে ৫৪ থেকে কমিয়ে  ১৫ এবং মাতৃমৃত্যুর হার  ৩ দশমিক ৮ শতাংশ থেকে ১ দশমিক ৫ শতাংশে কমিয়ে আনা হবে। দক্ষ সেবা নিশ্চিত করার মধ্য দিয়ে প্রসূতি মায়ের নিরাপদ প্রসব নিশ্চিত করা সম্ভব। প্রসূতি মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমসহ সমাজের সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান  প্রধানমন্ত্রী। 

তিনি আরো বলেন, মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে স্বাস্থ্যসেবা কার্যক্রম ঢেলে সাজানো হচ্ছে। এজন্য ২০১৫ সালের মধ্যে ১৩ হাজার প্রশিক্ষিত ধাত্রী তৈরি ও ১৩ হাজার ৫শ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হচ্ছে।

নারীদের কর্মক্ষেত্রে তাদের শিশুদের জন্য মাদার্স কর্নার ও ডেকেয়ারসহ বিশেষ ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে জরুরি প্রসূতি সেবায় উল্লেখযোগ্য অবদান রাখার জন্য প্রতিটি জেলার একটি হাসপাতাল, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি মা ও শিশুকল্যাণ কেন্দ্রকে পুরস্কৃত করেন প্রধানমন্ত্রী।