স্টাফ রিপোর্টার:
হলি ফ্যামিলিতে চালু হলো ডাক্তারদের প্রফেশনাল পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ। বেসরকারি ডাক্তারদের জন্য আরো উন্নত ডিগ্রি পাওয়া নিশ্চিতকরনে ও ছাত্রছাত্রীদের কথা বিবেচনায় রেখে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ এমআরসিপি(আয়ারল্যান্ড) পার্ট-১ পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে বাংলাদেশে সর্ব প্রথম এই পরিক্ষার সেন্টার হবে। এতে করে এদেশের বহু ডাক্তার ও ছাত্রছাত্রী এই বিশ্বমানের মূল্যবান এমআরসিপি ডিগ্রি অর্জনে সক্ষম হবে।
রবিবার সকালে হলি ফ্যামিলি মিলনায়তনে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও ইনডিয়ান চাপ্টার অব রয়েল কলেজ অব ফিজিসিয়ানস অব আয়ারল্যান্ডের উদ্যোগে হলি ফ্যামিলি হাসপাতালে এমআরসিপি(আয়ারল্যান্ড) পার্ট-১ ডিগ্রি চালুর উদ্ভোধনী অনুষ্ঠানের যৌথ আন্তজার্তিক বিজ্ঞান সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এমএস আকবর, এমপি, ইনডিয়ান চাপ্টার অব রয়েল কলেজ অব ফিজিসিয়ানস অব আয়ারল্যান্ডের চেয়ারম্যান ডা. সব্যসাচী রায়, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান প্রমুখ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. এমএস আকবর বলেন, বেসরকারি চিকিৎসাক্ষেত্রে বাংলাদেশে হলি ফ্যামিলি বর্তমান সময়ের একটি মাইল ফলক। স্বাস্থ্যসেবায় বর্তমান সরকারের সর্বোচ্চ দৃষ্টি থাকায় এই হাসপাতাল বেসরকারি চিকিৎসা প্রদানের সবচেয়ে মানসম্পন্ন প্রতিষ্ঠান হবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়া বলেন, অচিরেই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে বাংলাদেশের সর্ব প্রথম এমআরসিপি(আয়ারল্যান্ড) পার্ট-১ পরিক্ষার সেন্টার হতে যাচ্ছে। এতে করে অপেক্ষাকৃত কম মূল্যে এদেশের বহু শিক্ষার্থী বিশ্বমানের এই মূল্যবান ডিগ্রী অর্জন করতে পারবে।
|