
আমারহেলথ (২০ অক্টোবর, বুধবার): ২০ অক্টোবর বুধবার দেশজুড়ে পালিত হয় “বিশ্ব হাত ধোয়া দিবস”। সারা বিশ্বে ১৫ অক্টোবর দিবসটি পালিত হলেও দুর্গাপূজার কারণে ১৩ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় এ দিবসটি দেশজুড়ে পালিত হয় ২০ অক্টোবর।
দেশের ৫৭ হাজার ৪৬৫টি সরকারি প্রাথমিক, ১৫ হাজার ৫০২টি মাধ্যমিক এবং আট হাজার মাদ্রাসার প্রায় এক কোটি ৮০ লাখ শিক্ষার্থী সাবান দিয়ে হাত ধুয়ে এ দিবস পালন করে। এ বছর দিবসটির স্লোগান হচ্ছে_ হাত ধোয়ার অভ্যাস করুন, সুস্থ থাকুন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় দেখা গেছে, প্রয়োজনীয় মুহূর্তে মানুষের সাবান দিয়ে হাত ধোয়ার হার শূন্য থেকে ৩৪ শতাংশ। একটি বেসরকারি সংস্থা পরিচালিত গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে শহর এলাকায় মাত্র ৫৭ শতাংশ মানুষ খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে থাকেন। মলত্যাগের পর হাত সাবান দিয়ে পরিষ্কার করে না ১৪ শতাংশ মানুষ। আইসিডিডিআরবি দেশের ৫০টি উপজেলায় গবেষণা চালিয়ে দেখতে পায় খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়ার হার মাত্র ১৪ শতাংশ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সুস্থ থাকার একটি প্রাথমিক অনুষঙ্গ সাবান দিয়ে হাত ধোয়া। এটি ডায়রিয়াজনিত রোগসহ অনেক রোগ থেকে বাঁচায়।
রাজধানীর রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ২০ অক্টোবর বেলা সাড়ে ১১টায় স্কুল প্রাঙ্গণে হাত ধোয়া দিবসের কর্মসূচি পালন করে। এ জন্য প্রায় ৫০ হাজার শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানে হয়।
|