সজীব দেব
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে গত ২৭শে ফেব্রুয়ারী দুপুরে এনেসথেসিওলজি বিভাগের এক চিকিৎসককে মারধর করেছেন সার্জারি বিভাগের আরেক চিকিৎসক। এ ঘটনার পরিপ্র্রেক্ষিতে এনেসথেসিয়া বিভাগের চিকিৎসকরা পরদিন রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেন। ফলে উল্লিখিত সময়ে জরুরি বিভাগসহ ১১টি অপারেশন থিয়েটারে কোনো অস্ত্রোপচার হয়নি। অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। চিকিৎসা না পেয়ে অনেক রোগী ফিরে যান জরুরি বিভাগ থেকে।
সূত্র আরো জানায়, গত শনিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত অপারেশন থিয়েটারে ডিউটিতে ছিলেন এনেসথেসিওলজি বিভাগের চিকিৎসক ড. আব্দুর রহমান। ২টার দিকে ডিউটি শেষ করে তিনি হাসপাতাল থেকে যখন বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সার্জারি ইউনিটের ৫ নম্বর ওয়াডের্র এক রোগীকে অপারেশনের জন্য আনা হয়। এ সময় সার্জারি বিভাগের চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ড. রানা রোগীর নাম এন্ট্রির জন্য ডা. আব্দুর রহমানকে বলেন। ডিউটির সময় শেষ হয়ে যাওয়ায় ডা. রহমান রোগীকে এন্ট্রি করতে অপারগতা প্রকাশ করে বলেন, পরের পালার চিকিৎসক এসে এটা করবেন। এতে ডা. রানা ক্ষিপ্ত হয়ে রহমানকে গালিগালাজ করেন। একপর্যায়ে রানার সঙ্গে থাকা সার্জারি চিকিৎসক ড. শাহরিয়ার রহমানকে মারধর করেন। একপর্যায়ে তিনি ডা. রহমানকে হাসপাতালের চারতলা থেকে নিচে ফেলে দেওয়ার হুমকি দেন। এ সময় ডা. আব্দুর রহমানের চিৎকার শুনে অন্য চিকিৎসকরা এসে তাঁকে উদ্ধার করেন।
এ ব্যাপারে এনেসথেসিওলজি বিভাগের প্রধান ড. সাহেরা খাতুন জানান, হাসপাতালের ওটি কমপ্লেক্সে রোগীর নাম এন্ট্রি করাকে কেন্দ্র করে চিকিৎসকদের মধ্যে মারামারির কারণে অপারেশন কার্যক্রম কয়েক ঘণ্টা বন্ধ ছিল। পরে অবশ্য হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি মীমাংসা করে দেন। এখন অপারেশনের কাজ চলছে।
|