
আন্তর্জাতিক সংস্থার গবেষণা : অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোয় ক্যানসারে মৃত্যুর হার বেশি |
আমার হেলথ (১৬ আগস্ট, সোমবার): উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলোতে এইডস নিয়ে অনেক কথাবার্তা হলেও এসব দেশে ক্যানসার নিয়ে প্রচার-প্রচারণা খুবই কম। অথচ প্রতিবছর এ দেশগুলোতে এইডসের চেয়েও অনেক বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ১৬ আগস্ট, সোমবার স্বাস্থ্যবিজ্ঞানীদের বরাত দিয়ে এমনই এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিজ্ঞানীরা মনে করেন, বর্তমানে চিকিৎসাবিজ্ঞান এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে অনেক অল্প খরচে সহজেই ক্যানসারের চিকিৎসা করা সম্ভব। কিন্তু এ দেশগুলোতে ক্যানসার বরাবরই অবহেলার শিকার হয়ে আসছে। সম্প্রতি অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে ক্যানসার প্রতিরোধ পর্যবেক্ষণের জন্য গঠিত একটি সংস্থা জানিয়েছে, দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে ক্যানসারের মৃত্যুর হার ৭০ শতাংশ। যেখানে উন্নত ও পশ্চিমা বিশ্বে এ হার ৪৫ শতাংশ। এ সংস্থাটি আরও জানিয়েছে, প্রতিবছর নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে এইডস, যক্ষ্মা, ম্যালেরিয়ার তুলনায় ক্যানসারে মৃত্যুর হার অনেক বেশি। সংস্থাটি এক হিসাবে জানিয়েছে, বর্তমান বিশ্বে মোট বৈশ্বিক আয়ের মাত্র পাঁচ শতাংশ ক্যানসার প্রতিরোধে ব্যায় করা হয়। ১৯৭০ সাল থেকে এ দেশগুলোতে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। ১৯৭০ সালে এ দেশগুলোতে ক্যানসারে মৃতের হার ছিল ১৫ শতাংশ। ২০১০ সাল নাগাদ প্রায় ৭০ শতাংশে এসে পৌঁছেছে। সংস্থাটির মতে, ক্যানসার প্রতিরোধে এ দেশগুলোতে সঠিক কোনো উদ্যোগ না নেওয়ায় মৃতের হার বেড়ে চলেছে। হার্ভার্ড গ্লোবাল ইনিশিয়টিভের বিজ্ঞানী ফেলসিয়া কনোয়েল বলেন, দরিদ্র দেশগুলোতে ক্যানসার যে বাড়ছে না, এ ধারণাটি ভুল প্রমাণ করার সময় এসেছে। বিশেষজ্ঞরা আরও বলেন, ক্যানসার মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোতে বোঝাস্বরূপ। স্তন ক্যানসারের ওষুধ এ দেশগুলোতে অনেক স্বল্পমূল্যে বাজারজাত করা সম্ভব। |

Copyright © 2009 |Amarhealth|