আমার হেলথ (০৯ অগাস্ট, সোমবার): কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৯ জেলার ৬৮ চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সব চিকিৎসকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য সচিব মুহম্মদ হুমায়ুন কবির ০৯ অগাস্ট, সোমবার আমার হেলথকে এ কথা জানান।
গত ০৪ অগাস্ট, বুধবার ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১০’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের গ্রামাঞ্চলে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকরা কর্তব্য পালনে অনীহা দেখালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুঁশিয়ারির চারদিন পর স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যবস্থা নিলো। চিকিৎসকদের পল্লী এলাকায় অবস্থান এবং সেখানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধও জানান প্রধানমন্ত্রী।
স্বাস্থ্য সচিব হুমায়ুন কবির জানান, চিকিৎসকদের হাসপাতালে উপস্থিতি ও যথাযথভাবে দায়িত্বপালন নিশ্চিত করতে মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে।
স�ম্প্রতি ১০টি আকস্মিক পরিদর্শন দল দেশের নয়টি জেলায় বিভিন্ন হাসপাতালে ও অন্যান্য চিকিৎসা সেবা কেন্দ্রে চিকিৎসকদের উপস্থিতি ও সেবা কার্যক্রম পরিদর্শন করে। এসময় কর্মস্থলে অনুপস্থিতির জন্য সংশ্লিষ্ট ৬৮ জন চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে এক জরুরি সভায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুন্সী জালাল উদ্দিন আমার হেলথকে জানান, গত শনিবার গাজীপুর সদর, শ্রীপুর, কালিয়াকৈর, টঙ্গী, কাপাসিয়া, নরসিংদীর শিবপুর, টাঙ্গাইলের মির্জাপুর, মানিকগঞ্জের সাটুরিয়া ও ঘিওর, কুমিল্লার তিতাস ও দাউদকান্দি, চাঁদপুর সদর, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান, নারায়ণগঞ্জ সদর, সোনারগাঁও জেনারেল হাসপাতাল সরেজমিন পরিদর্শক করে বিশেষ দল। প্রতিটি আকস্মিক পরিদর্শন দলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ও স্বাস্থ্য অধিদপ্তরের একজন করে কর্মকর্তা উপস্থিত ছিলেন।
|