পৌরণিক কালে সীতার প্রথম অগ্নিপরীক্ষা হয়েছিল দূর লঙ্কা নগরে। অগ্নিপরীক্ষায় অংশ নিয়েছিলেন স্বয়ং রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী। পুরুষ শাসিত সমাজে অগ্নিপরীক্ষার মধ্যদিয়ে নিজের সতীত্ব ও পতি প্রেমের একাগ্রতাকে প্রতিষ্ঠিত করতে বাধ্য হয়েছিলেন তিনি। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে মহাকবি বাল্মীকির রামায়নের কাহিনীতে সীতার সেই অগ্নিপরীক্ষার কথা প্রকাশ করেছিলেন। আদি কবি বাল্মীকি রচিত রামায়ন উত্তরকালে সীতার অগ্নিপরীক্ষার আখ্যানকে সমকালীন মঞ্চে পরিবেশনের জন্য রচনা করেছেন সায়মন জাকারিয়া।
আর এর মধ্য দিয়ে প্রথমবারের মত নির্দেশনা দিচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী নাজনীন হাসান চুমকী। তার নির্দেশনায় ‘সীতার অগ্নিপরীক্ষা’ শিরোনামে নাটকটি মঞ্চে আসছে। প্রযোজনা করেছেন উপমাহাদেশীয় নৃত্য ও সংগীত প্রসার কেন্দ্র সাধনা। নৃত্য পরিচালনা করেছেন লুবনা মারিয়ম। আর সংগীত পরিচালনায় আছেন জাহিদুল কবির। নাটকটি শুধু নির্দেশনাই দিচ্ছেন না সীতা চরিত্রে একক অভিনয়ও করবেন চুমকী। বাংলাদেশ শিল্পকলা একাডেমী স্টুডিও থিয়েটার হলে ২৭ জুন কারিগরি প্রদর্শনী হবে। আর উদ্বোধনী প্রদর্শনী হবে ২৮ জুন। এ নাটকে অভিনয় ও নির্দেশনা প্রসঙ্গে চুমকী বলেন, সাধনার উদ্যোগে দীর্ঘদিন পর আবার মঞ্চে নাটক করার সুযোগ পাচ্ছি। নাটকটি একক অভিনয়ের জন্য রচিত হলেও এটি আসলে আমদের অভিনয় দলের সংগীত পরিচালক, সহযোগী শিল্পীবন্ধু ও গুরুজনদের সম্মিলিত প্রচেষ্টার ফল।
গত বছর সাধনা প্রযোজনায় ভারতের প্রখ্যাত অভিনেত্রী আভেরী চৌয়ের একক অভিনয়ে এ নাটকটি ঢাকা ও দিল্লিতে মঞ্চস্থ হয়। এক বছর পর সম্পূর্ন নতুন আঙ্গিকে মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি।
|