সাংস্কৃতিক সংবাদ

নজরুল ইন্সটিটিউটের সকল বইয়ে ৭৫ শতাংশ ছাড়

৭৫ শতাংশ ছাড়ে নজরুল!বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নজরুল সম্পর্কে জানার মানসে কাজ করে যাচ্ছে নজরুল ইনস্টিটিউট ।এ প্রতিষ্টানটি নজরুল নিয়ে তার প্রকাশিত সকল বইয়ে ৭৫% ছাড় ধঘাষণা করেছে। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের বইয়ের আড়ং – এ এসব বই পাোয়া যাচ্ছে।
‘জাতীয় কবিকে জানুন/ নজরুল ইনস্টিটিউটের বই পড়ুন’ এই স্লোগান নিয়ে ‘নজরুল বইয়ের বিশাল আড়ং’ নামের এই বইমেলার আয়োজন করেছে নজরুল ইনস্টিটিউট।  কেন্দ্রীয় গণগ্রন্থাগারের দ্বিতীয় তলার প্রদর্শনী কক্ষে এই আড়ং শুরু হয়েছে ১ নভেম্বর।নজরুলের লেখা গান এবং নজরুলকে নিয়ে পত্রিকা, অ্যালবাম, রচনা, পরীক্ষা-নিরীক্ষাধর্মী, আলোচনা ও গবেষণামূলক প্রায় ১৪০টি বই পাওয়া যাচ্ছে এখানে।এ বইমেলা ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।ফলে নামমাত্র দামে বই নিতে ভিড় করছে নজরুলপ্রেমীরা। প্রতিদিনই যত বই আনা হচ্ছে, তার প্রায় সবই বিক্রি হয়ে যাচ্ছে। যে বই আজ শেষ হয়ে যাচ্ছে, পরের দিন সেই বই আবার আনা হচ্ছে। বাংলা বইয়ের পাশাপাশি রয়েছে নজরুলের ওপর ইংরেজিতে লেখা বিভিন্ন বই। নজরুল ইনস্টিটিউটের বইয়ের দাম এমনিতেই অন্য প্রকাশনার চেয়ে কম। তার ওপর আবার চলছে বিশাল ছাড়, যেখানে একটি বইয়ের দামে পাওয়া যাচ্ছে চার থেকে পাঁচটি বই। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের বইয়ের আড়ং শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার বন্ধ। নজরুলবিষয়ক বইয়ের আয়োজনটি শেষ হবে ১৫ নভেম্বর।

থিয়েটার সাস্টের এক যুগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল উচ্ছল প্রাণবন্ত তরুণের একটি রঙিন স্বপ্নের সার্থক বাস্তবায়ন থিয়েটার সাস্ট। ১৯৯৭ সালের ৮ ডিসেম্বর অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে জন্ম নেয় এই বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রুপ থিয়েটার ‘থিয়েটার সাস্ট’। দেখতে দেখতে ১২টি বছর পেরিয়ে আসা।
থিয়েটার সাস্ট যুগপূর্তি উপলক্ষে ‘একাত্তরের চেতনায় নতুন করে উদ্ভাসিত হোক আগামীর নাট্যধারা’ স্লোগান নিয়ে আজ থেকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হচ্ছে থিয়েটার সাস্ট নাট্যোত্সব-২০০৯। এম সাইফুর রহমান অডিটোরিয়ামে তিন দিনে পরিবেশিত হবে তিনটি নাটক। আজ উদ্বোধনী দিনে মঞ্চস্থ হবে থিয়েটার সাস্টের পরিবেশনায় নাটক ভাস্কর্য। মূল ভাবনা আরিফ হোসাইন। নির্দেশনা মেহেদী হাসান। পুনর্নির্দেশনা মারুফ হাসান।
আগামীকাল পরিবেশিত হবে ঢাকার নাগরিক নাট্যাঙ্গনের নাটক প্রাগৈতিহাসিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে রচনা করেছেন মাহামুদুল ইসলাম সেলিম। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। উত্সবের শেষ দিনে আগামী পরশু লোকনাট্য দল বনানী মঞ্চস্থ করবে তাদের সাড়া জাগানো নাটক মলিয়েরের কঞ্জুস। রূপান্তর তারিক আনাম খান। নির্দেশনা কামরুন নূর চৌধুরী।
‘নাটক নির্মাণ করে যৌবন, নাটক আনবেই অবিনাশী প্লাবন’ স্লোগান সামনে রেখে কুসংস্কারমুক্ত সুন্দর পৃথিবী গড়ার লক্ষ্যে শুরু সাস্টের পথচলা। গত ১২ বছরে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল রাখতে থিয়েটার সাস্ট ২০টি নাটকের ৬৩টি সফল প্রদর্শনীসহ তিনটি নাট্যোত্সব সফলভাবে করছে। অফুরন্ত প্রাণশক্তি পুঁজি করে তারা আরও সামনে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন থিয়েটার সাস্টের আহ্বায়ক কমিটির প্রধান এস এম মুরশীদ হাসান। বিজ্ঞপ্তি