বিনোদন ডেস্ক :: বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বলিউড তারকা সালমান খান এবং ক্যাটরিনা কাইফ নিজেদের সম্পর্কে কিছুই খোলাসা করে জানাচ্ছেন না। তবে, দশকের সেরা জুটি হিসেবে দর্শকদের নির্বাচনে নির্বাচিত হয়েছে এই তারকা যুগল। আর, সেরা অভিনেতার খেতাব সুপারস্টার শাহরুখ খানের।
ভারতের এমএসএন ওয়েব সাইটটি অন-লাইন এই জরিপটি চালায়। এমএসএন তাদের পাঠকদের বিভিন্ন বিভাগে প্রিয় তারকাদেও ভোট দিতে আহ্বান জানায়। আর, এই অনলাইন ভোটে সালমান-ক্যাটরিনা জুটি বলিউডের অন্য সব তারকা জুটি যেমন - অভি-অ্যাশ, জন-বিপাশা, সাইফ-কারিনাকে পিছনে ফেলে দিয়ে প্রথম স্থানে রয়েছেন।
এই অন-লাইন ভোটে অংশ নেয় ৩৮,৬৪৮ জন এমএসএন পাঠক। দশকের সবচেয়ে আবেদনময় জুটি হিসেবে প্রথম স্থানে চলে আসে সালমান-ক্যাটরিনার নাম। নিজেদের সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ আঁটলেও দর্শকদের ভোটে সাল্লু ভাই আর ক্যাট নম্বর ওয়ান ভোট পেয়েছেন ৩৬ শতাংশ। অভিষেক-ঐশ্বরিয়া ২৭ শতাংশ ভোট পেয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছেন জন-বিপাশা জুটি। তাদেও ভোটের সংখ্যা ১৩ শতাংশ। আর এদিকে, বলিউডের ছোটে নবাব আর কারিনা পেয়েছেন ৬ শতাংশ ভোট।
এমনকি, সবচেয়ে আবেদনময়ী অভিনেত্রীর তালিকায় প্রথমেই নাম ক্যাটরিনার। পেয়েছেন ৩৩ শতাংশ ভোট। পরবর্তী স্থানে ১৩ শতাংশ ভোট নিয়ে রয়েছেন বিপাশা। তৃতীয় স্থানে রয়েছেন বচ্চন পরিবারের বউরানি অ্যাশ। ভোট পেয়েছেন ১০ শতাংশ। জাতীয় পুরস্কারজয়ী প্রিয়াঙ্কা এই দৌড়ে পিছিয়ে পড়েছেন। তাঁর ভাগে ভোট জুটেছে ৯ শতাংশ।
এই দশকের সেরা অভিনেতার খেতাব কিন্তু জুটেছে খান সাহেবের ভাগ্যেই। হ্যাঁ, বলিউড বাদশা শাহরুখ খান। অন-লাইন ভোটে দর্শক ভোট দিয়েছে ২৯ শতাংশ। মিস্টার পারফেকশনিস্ট আমির খান পেয়েছেন ২৬ শতাংশ ভোট। অভিষেক ১৬ শতাংশ ভোট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে।
দশকের সবচেয়ে ফ্লপ ছবি রাম গোপাল বার্মার ‘আগ'। সেরা ছবির তালিকায় রয়েছে ‘ দ্রোণা', ‘লাভ স্টোরি ২০৫০' এবং ‘তাসান'।
|