শুরু হল আইটিআই'র দ্বিবার্ষিক অনুষ্ঠানমালা

আমারহলেথ ডেস্ক: ‘নতুন বাস্তবতা, নতুন থিয়েটার’ এই স্লোগানকে সামনে রেখে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের আয়োজনে শুরু হল সপ্তাহ ব্যাপী নাট্যোৎসব। ১৫ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায়, আইটিআই এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আইটিআই’র বিশ্ব সভাপতি রামেন্দু মজুমদার সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ঘোষণা করেন। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে সেমিনার, নাটক বিষয়ক কর্মশালা ও নাট্য প্রদর্শনী। সংগঠনের এটি দশম আয়োজন। নাট্যোৎসব চলবে ১৫ থেকে ২১ এপ্রিল পর্যন্ত। জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার ও স্টুডিও থিয়েটারে একযোগে অনুষ্ঠিতব্য এ উৎসবে বাংলাদেশের ১৬টি নাট্যদল, ২টি নৃত্যদল, ১টি যাত্রাদল এবং কলকাতার ১টি নাট্যদল ও সিঙ্গাপুরের চাইনিজ অপেরা ইনস্টিটিউট অংশগ্রহণ করবে। ১৪, ১৫ ও ১৭ এপ্রিল আইটিআই'র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ১৩০তম সভা ঢাকায় অনুষ্ঠিত হবে। এছাড়া তরুণ নাট্যকর্মীদের জন্য আফ্রিকান থিয়েটার ও চীনা অপেরার ওপর দুটি কর্মশালার আয়োজন করা হয়েছে। এটি পরিচালনা করবেন আলী মাহ্দী ও ড. চুয়া সু পং। আইটিআই বাংলাদেশ শাখার সভাপতি রামেন্দু মজুমদার বলেন, 'বাংলা নববর্ষের সঙ্গে বিদেশিদের পরিচয় ঘটাতে পহেলা বৈশাখ থেকে এবার উৎসব শুরু হচ্ছে।'