প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ চলচ্চিত্রের মাধ্যমে দেশের আবহমান বাংলার শ্বাশত জীবন-সংগ্রামের চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন। তিনি আরো বলেছেন, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও এইচআইভির মতো সামাজিক সমস্যাকে অগ্রাধিকার দিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হবে এবং চলচ্চিত্রে দুর্নীতি প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে।
তিনি বলেন, যারা ভালো ছবি তৈরি করবেন, ভবিষ্যতে তাদের আরো বেশি পুরস্কার দেয়া হবে। আর যারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থকে প্রাধান্য দিয়ে অশ্লীল ছবি নির্মাণ করবেন তাদের কঠোর শাস্তি পেতে হবে।
১০ এপ্রিল বিকাল ৫.৩০ এ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ বিতরণকালে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা রাখেন তথ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের পবিত্র ইতিহাস, যুদ্ধাপরাধ, অসাম্প্রদায়িকতা ও দারিদ্র্য বিমোচনের মতো বিষয়গুলো নির্মাতারা তাঁদের চলচ্চিত্রের মাধ্যমে প্রকাশ করবেন। প্রধানমন্ত্রী
শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান এবং দৃঢ় আস্থা ব্যক্ত করেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেশে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ এবং এ শিল্পে সৃজনশীল মেধাবী ও দেশপ্রেমিকদের এগিয়ে আসতে অনুপ্রেরণা জোগাবে।
তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ অসুস্থ, নকল ও পাইরেসি সম্পূর্ণভাবে বন্ধ করে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ এ 'চন্দ্রগ্রহণ' শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পুরস্কার লাভ করে। একই ছবির পরিচালক মুরাদ পারভেজ শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে পুরস্কৃত হন। শ্রেষ্ঠ অভিনেতা রিয়াজ, শ্রেষ্ঠ অভিনেত্রী সাদিকা পারভিন পপি, শ্রেষ্ঠ সংগীত পরিচালক ইমন সাহা, শ্রেষ্ঠ গায়ক এন্ড্রু কিশোর ও শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন রুমানা মুর্শেদ কনকচাঁপা। এ ছাড়া মাসুম বাবুল, শামস সুমন, জহির উদ্দিন পিয়ার, দিলারা জামান, গুলশান আরা চম্পা, মোহাম্মদ রফিকউজ্জামান, মুরাদ পারভেজ, কবির বকুল, আলম খান, মাহফুজুর রহমান খান, রেজাউল করিম বাদল, সহিদুল হক, মো. কলমতর ও শামসুল ইসলাম বিভিন্ন ক্যাটাগরিতে এবং প্রার্থর্না ফার্দিন দিঘি ও মৃধা ইবশার নাওয়ার শিশুশিল্পীর পুরস্কার লাভ করেন।
চলচ্চিত্র পুরস্কার ২০০৮ বিতরণ অনুষ্ঠানে চলচ্চিত্র সংশ্লিষ্ট অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী ছাড়াও দেশের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৩ ক্যাটাগরিতে ২৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮ প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হতে পুরস্কার তুলে দেন। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও কনকচাঁপা। নৃত্য পরিবেশন করেন অপু বিশ্বাস ও শাকিব খান। |