থিয়েটার ক্লাব উদ্বোধন

৭ জুন, সাউদা খাতুন মনিরা। :২৮ মে, শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার ষষ্ঠ তলায় একটি রুম নাট্যকর্মীদের থিয়েটার ক্লাবের জন্য উন্মুক্ত করা হল। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারন সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, মঞ্চ নাটকের আধুনিক মিলনায়তন জাতীয় নাট্যশালা পেতে সময় লেগেছে প্রায় ৩৫ বছর। ১৫ বছরের আন্দোলনে পেলাম একটি থিয়েটার ক্লাব। বলা যায় এবার আগে ভাগেই নাট্যকর্মীদের দাবির পরিসমাপ্তি ঘটেছে।
নাট্যকর্মীরা থিয়েটার ক্লাব প্রতিষ্ঠার জন্য অনেকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। আন্দোলন সফল হোল। থিয়েটার ক্লাবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন।

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষথেকে জানানো হয় ক্লাবটি তাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী জানান ক্লাবে একটি আলাদা লাইব্রেরী থাকবে। সেখানে পৃথিবীর বড় নাট্যকারদের বই থিয়েটার বিষয়ক গবেষণা, জার্নাল, পত্রিকা সহ নানা তথ্যপত্র সংগৃহীত থাকবে। সেই সঙ্গে পৃথিবী খ্যাত নাটকের সিডি ডিভিডি ও সংগৃহীত থাকবে। ইচ্ছা করলেই ৫০ থেকে ৮০ জন নাট্যকর্মী একসঙ্গে ক্লাবে বসে সিডি, ডিভিডিতে নামকরা এসব নাটক উপভোগ করতে পারবেন।

যারা নাটকের চর্চা করেন তাদের একসঙ্গে বসে আড্ডার জায়গা ছিল না। যে আড্ডা থেকে সৃজনশীল কাজ বেরিয়ে আসে। পৃথিবীর বহু দেশেই থিয়েটার পাড়ায় নাট্যকর্মীদের জন্য থিয়েটার ক্লাব সরকারী ভাবে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু আমাদের দেশে এতদিন তা ছিল না। এখন সেই সৃজনশীল আড্ডার একটি জায়গা তৈরি হলো।
এতে করে একে অপরের কাজ গভীরভাবে জানার এবং নাট্যচর্চা আরো বিকশিত করার পথ সৃষ্টি হলো।