ঢাকা ১২ জুলাই(আমারহেলথ): উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যাচ্ছেন আজম খান। ১৩ জুলাই থাই এয়ারওয়েজের একটি বিমানে তিনি সিঙ্গাপুর যাবেন। সঙ্গে যাচ্ছেন তাঁর একমাত্র পুত্র হৃদয় খান।
মুখগহ্বরের ঝিল্লির (স্কোয়ামাস সেল কারসিনোমা) ক্যানসারে আক্রান্ত আজম খানের পাশে ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়েছে বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনসহ সংগীতাঙ্গনের অনেকেই।
চিকিৎসা সহায়তার জন্য ইতিমধ্যেই এগিয়ে এসেছে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজম খানের চিকিৎসা সহযোগিতার জন্য নেতৃত্ব দিচ্ছেন আইয়ুব বাচ্চু, হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, টিপুসহ আরও অনেকে। আজম খানের চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন।
এর আগে গত ২১ জুন শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আজম খানকে প্রথমে নেওয়া হয় চিকিৎসক সজল আশফাকের কাছে। তিনি আজম খানের একটি বায়োপসি করার পরামর্শ দেন। ২৬ জুন বায়োপসি রিপোর্টে ধরা পড়ে আজম খান মুখগহ্বরের ঝিল্লির ক্যানসারে আক্রান্ত। এরপর তাঁকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালের চিকিৎসক ক্যানসার বিশেষজ্ঞ কামরুজ্জামানের কাছে। এই কদিন তাঁরই তত্ত্বাবধানে ছিলেন আজম খান। |